চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের মালামালবাহী একটি ভটভটি উল্টে এর চালক আনজারুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার লালাপাড়া গ্রামের মো.আবুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার(১১জুন) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ফিল্ডের হাট এলাকার মেসার্স ভাই ভাই মুদি ষ্টোর এর মালামাল নাচোল এলাকায় ডেলিভারি করে চাঁপাইনবাবগঞ্জ সদরে ফেরার পথে দূর্ঘটনায় পড়ে ভটভটি গাড়িটি। নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি নামক স্থানে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে তালগাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন এর চালক আনজারুল। তবে তাঁর সাথে থাকা ডেলিভারি ম্যান রক্ষা পান।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।