আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদিত হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অর্থ বিলে স্বাক্ষর করার পর বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই জাতীয় সংসদে উপস্থাপিত প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাজেটটি বিশেষ গুরুত্ব বহন করছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সংসদ কার্যকর না থাকায় বাজেট ও সংশ্লিষ্ট আর্থিক সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের মাধ্যমে অনুমোদন করা হয়েছিল। পরে রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হয়।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সে সময় বাজেট উপস্থাপনের প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আসে। সংসদ না থাকায় ভিন্ন ব্যবস্থায় জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২ জুন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সংসদ অনুপস্থিত থাকায় তার বাজেট বক্তব্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়।
কী-শব্দ: জাতীয় বাজেট, মন্ত্রিসভা, অর্থমন্ত্রী