সোমবার, জুন ১৫, ২০২৬

রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

  • মোঃ রবিউল ইসলাম মিনাল:
  • ২০২৬-০৬-১৪ ২৩:১৪:৫৮


গোদাগাড়ী (রাজশাহী)  প্রতিনিধি​​​| 
আজ ১৪ই জুন ২০২৬ তারিখে রাজশাহী পুলিশ লাইনস এর পিওএম কনফারেন্স হলে ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কৌশলগত পরিকল্পনা ২০২৪-২০২৭ বাস্তবায়ন’ এর অংশ হিসেবে একটি দিনব্যাপী ধারাবাহিক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রাজশাহী বিভাগ ও রেঞ্জের ৮৪ জন পুলিশ কর্মকর্তা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অংশ নেন।
​অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)পিএইচডি। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ​নারী কর্মকর্তাদের নিজেদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রতি বিশেষভাবে মনোনিবেশ করতে হবে। পেশার প্রতি আন্তরিক দায়বদ্ধতা ও অঙ্গীকারবোধ ছাড়া প্রত্যাশিত কর্মদক্ষতা অর্জন সম্ভব নয়। একই সাথে প্রতিষ্ঠানকেও তাদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অর্থ) জনাব আতিয়া হুসনা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। দেশে বর্তমানে প্রায় ১৮,০০০ নারী পুলিশ সদস্য কর্মরত আছেন। এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের সক্ষমতা ও নেতৃত্ব উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। বিপিডব্লিউএন শুরু থেকেই এই যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করছে।
​কর্মশালায় বিপিডব্লিউএন-এর প্রতিনিধিবৃন্দ কৌশলগত পরিকল্পনার মূল ক্ষেত্রসমূহ, কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য (ওয়ার্ক-লাইফ ব্যালেন্স), ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলার উপায় নিয়ে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন। এছাড়া, জাতিসংঘ নারী উইং (ইউএন উইমেন)-এর প্রতিনিধি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং জেন্ডার সংবেদনশীল পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি জনাব লায়লা জাসমিন বানু বিপিডব্লিউএন এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। প্রথম কৌশলগত পরিকল্পনার অর্জনই প্রমাণ করে যে, সমষ্টিগত প্রচেষ্টায় এই ২০২৪-২০২৭ সালের কৌশলগত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।
​উল্লেখ্য, বাংলাদেশে নারী ও মেয়েদের জন্য জেন্ডার সংবেদনশীল পুলিশিং ব্যবস্থা জোরদার করা এবং ভুক্তভোগী কেন্দ্রিক জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) সেবা শক্তিশালীকরণের লক্ষ্যে ইউএন উইমেন এবং বিপিডব্লিউএন যৌথভাবে নারী পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পেশাগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর