চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মাদক সংক্রান্ত একটি মামলার গ্রাম্য সালিশ সুরাহা না হবার পর বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে মো. ইব্রাহীম(৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শাহজাহানপুর ইউনিয়নের চরদূর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা সহ দু’পক্ষের অন্তত: ১২ জন। জিয়ারুল(৩৭) নামে তাঁদের অন্তত: একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য অন্তত: দু’জনকে আটক করেছে।
নিহতের পরিবার,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০জুন) সকল সাড়ে ৮টার দিকে মাদক মামলায় হাজতে থাকা ফাহাদ নামে এক ব্যাক্তির পরিবার ও স্বজনরা মামলার খরচ নিয়ে ওই মামলায় জড়িত পলাতক একই গ্রামের রুবেলের বাবা মনিরুল ইসলাম ও তাঁর লোকজনের সাথে শালিশে বসে। কিন্ত সালিশে কোন ফল না হওয়ায় উভয়পক্ষ সকাল ১০টার দিকে দেশী অস্ত্র,ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্য়ায়ে সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন ইব্রাহীম। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার পর মনিরুল ও তাঁর লোকজন লুকিয়ে পড়েছেনে। তাঁদের আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, মামলা সংক্রন্ত পূর্ব শত্রুতা নিয়ে সালিশের পর ঘটনাটি ঘটেছে। ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।