বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা থাকছে না।
বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজের আদেশ দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিসিবির নির্বাচন আয়োজন করা যাবে।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন ও ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের কাছে কাউন্সিলর মনোনয়নের বিষয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনী তফসিল স্থগিতের দাবি জানিয়ে ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন।
অন্য আবেদনকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।
আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এখন নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী বিসিবির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না।
কী-ওয়ার্ডস: বিসিবি,নির্বাচন,হাইকোর্ট