বাবুয়ের মগ্ন বাসা
এক অতল বুকের ভিতরে !
আলো ঢুকলে
নিজেরই ছায়া হয়ে ফিরে আসে।
সেখানে আমি
ভালোবাসার বীজ নয়,
রেখেছিলাম কয়েকটি নীল দহন।
তাই এত বৃষ্টি নামলেও
নীল লোভ কখনো নেভেনি ! নেভে না !
শুধু শিখার গায়ে
জমেছে বিষণ্ন শেওলা।
তুমি আকাশ দেখেছিলে !
বিশাল, উজ্জ্বল, নির্দোষ।
আর আমি সারারাত
এক আহত বিহঙ্গ বুকে তুলে
শরীর থেকে তীর খুলে খুলে
নিজের বুকে গেঁথেছি।
পৃথিবীতে কিছু মানুষ থাকে,
যারা বাঁচায় !
কিন্তু কোনো ইতিহাসে তাদের নাম লেখা হয় না।
বসন্ত এলে !
গাছেরা ফুলে নয়, আগুনে ভরে উঠল।
উচ্ছ্বাসের তুলিতে আঁকা মুখগুলো
দূর থেকে রসকলির মতো মধুর,
কাছে গেলে দেখা যায়,
ঠোঁটের কোণে জমে আছে
অপমানের শুকনো রক্ত।
বীরভূমের রাজপথে
চন্দনের যে গন্ধ ছড়িয়ে ছিল,
আজ তা ধুলো হয়ে উড়ে যায়।
তবু সন্ধ্যার পরে
হাওয়া এখনও কার পায়ের শব্দে কেঁপে ওঠে !
মনে হয়, কেউ একজন
ভালোবাসাকে শেষ পর্যন্ত
কলঙ্ক বলে মানতে পারেনি