বুধবার, মে ২০, ২০২৬

প্র দী প গু প্ত

  • খুঁজে পাচ্ছিনা,
  • ২০২৬-০৫-১৯ ১০:৫৮:২৬

খুঁজে পাচ্ছিনা,
কোথাও
কোথায় যে রেখেছি, অথবা
হারিয়েছি
জ্যামিতির টিনের বাক্সখানা, কাঠের স্কেল,
প্লাস্টিকের চাঁদা, কম্পাস,
পেন্সিল কাটার কল, দুমুখো রাবার
কোথায় যে, রেখেছিলাম,
ভূগোলের বই, সহজ ইতিহাস
বাবার ছবি, আমকাঠের খাট, উঁচুনিচু চারপাই ,
তুলোর তোষক, 
বইভর্তি দড়িতে ঝোলানো কাঠের তাক,
রান্নাঘরের ঝুল,
নারকেল পাতার জ্বালানি,
মাটির পাতা উনুন
আর তোমাকে 
মা।

অথচ,
মাটির দাওয়ায়
চাঁদের কপালে টিপ দিতে দিতে
তুমি কথা দিয়েছিলে।
কথা দিয়েছিলে
খুঁজে এনে দেবে সব
সব সুখ, হাসি, আলো আর
হাট্টিমাটিমের দেশ।
আমার দেশে এখন আর হাট্টিমাটিম নেই
সাতভাইয়ের একবোন চম্পা নেই
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
ভুত্তুমাতুম
কিচ্ছু নেই।

আমাকে কি কেউ এসে ধর্মের গল্প না শুনিয়ে
ঠাকুরমার ঝুলি খুঁজে এনে দেবে? 
কোথায় যে রেখেছিলাম
কিশলয়, ধারাপাত
তোমাকে...

ভালোবাসা...

আতিপাতি করে খুঁজেই চলেছি, পাচ্ছিনা।
যেখানেই হাত দিই
শুধু হিংসা। 
রক্ত
আমার বাবার
মায়ের।


এ জাতীয় আরো খবর