আমার কেউ নেই
বন্ধু নেই বসত নেই, ডানা মেলার আকাশ নই।
গোপন বুকে ছলকে ওঠা নদী নেই
আনন্দ অভিমানে কাঁপা কিশলয় নেই
বর্ষার পাখি নেই, জলস্নেহা ভেজা ডানার পাখি
কোথাও কেউ নেই আমার-
না ধুলোয় না উড়ে যাওয়া মেঘের ক্যানভাসে।
রংঝরা বসন্তের-পাপড়ি ঝরে না আমার রুদ্র উঠোনে।
উল্লসিত আকাশ আমার নেই,
মোহময় মূর্ছনার কালমেঘে ঢাকা
শ্বাশতী আকাশের চিৎকার নেই
তারাদের কথেপকথনে মুগ্ধ নিশিপ্রহর নেই
রন্জিত দিনযাপনের অবকাশ নেই
নন্দিত গান-ভুবনের বাসিন্দাও আমি নই।
সুর নেই,সুরেলা ঘাসবনের সুরভি নেই আমার-
আমার কোন অতীত ভবিষ্যত নেই বর্তমানও না,
হঠাৎ জেগে ওঠা চরের মত
এক চিলতে কুঁড়ের বাতি নেই,
অরণ্য আবাসের শান্তিকামী সবুজ নেই
তৃণমূলে গেঁথে থাকা অবিনাশী ঘাসফুল নেই,
পায়ে হাঁটা পথ -রাজ পথ নেই
স্বজন আপন কেউ নেই আমার
নীড়স্নেহা হৃদয় নিয়ে কেউ দাঁড়িয়ে নেই।
কেউ নেই আমার
আমার কেউ নেই।