চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরপ্রান্তে জেলা সদরের সাথে জেলার শিবগঞ্জ উপজেলা হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়কে মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতু ( পুরাতন মহানন্দা সেতু) ‘টোল ফ্রি’ করার দাবিতে ‘ডিসি অফিস ঘেরাও’ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার(১৩মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ও সামনের চত্বরে জড়ো হয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ নামে একটি সংগঠন এই কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহব্বায়ক তরিকুল আলম মোল্লা,আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ, ব্যবসায়ী ইকবাল হোসেন, শ্রমিক নেতা মেসবাহুল হক,অটোচালক আনারুল ইসলাম, শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রমুখ।
দু’ঘন্টারও বেশী সময়ব্যাপী কর্মসূচী চলাকালে বক্তরা বলেন, প্রতিদিন হাজারো সাধারণ খেটে খাওয়া মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ৩৩ বছর পূর্বে ১৯৯৩ সালে চালু হওয়া এই সেতু ব্যবহার করে। সেতুটি নদীর উভয়তীরের বাসিন্দাদের জীবন জীবিকার সংযোগ। নির্মণের এতদিন পর আধা কিলোমিটার দীর্ঘ এই সেতু ব্যবহারে সকল যানবাহনে যাওয়া ও আসা উভয় ক্ষেত্রে উচ্চহারে টোল আদায় অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধি। অনেককে প্রতিদিন বারবার এই সেতু ব্যবহার করতে হয়। এটি দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠীর উপর অন্যয় বোঝা ও জুলুম।
এ অবস্থায় অবিলম্বে টোল আদায় বন্ধ করার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচীর ডেকে তারা ওই সেতু দিয়ে যোগাযোগ বন্ধ করার হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, একই দাবিতে বারবার শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা হলেও কর্তৃপক্ষ দাবির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না। আগামী ১৮ মে নতুন চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবন অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা। এদিকে দাবির প্রতি সংহতি জানাতে বিপুল সংখ্যক অটোরিক্সা ও তিনচাকার যানবাহন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হয়।
ঘেরাও এর ব্যাপাওে জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী বলেন, বিষয়টি সম্পর্কে সরকার অবগত। এ ব্যাপারে সরকারের নজর রয়েছে। তবে উর্ধতণ কর্তৃপক্ষের নিকট থেকে কোন নির্দেশণা এখনও আসে নি। স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে কিছু করার সূযোগ নেই।