ধীরে ধীরে বাজার বুজে আসে
নৈহাটি লোকাল তার অন্ধকারের পথ ধরে
দোকান গোটায় মা মেয়ে
ক্ষুদ্র ছোটো প্লাস্টিকের পুকুর দোলে দড়িতে
মাছ
হাঁস
আশ্বিন সংক্রান্তি দোলে
গাড়ুর ডাল আর ভাত নিয়ে এসেছে পিসি আজ
নতুন মাখন শিম, মটরশুঁটি, রাঙা পরীর মতো আলু
ছেলেদের সংসারে বিদীর্ণ শিরায় বেজেছিল স্বামী
মরে গেছে জীবনের অবাঞ্ছিত লোক!
পাখিদের ঠোঁটে চুমু খাই
শিশুরা তার শঙ্খ মেলে যায়
একটি মেয়ে আইবুড়ো কন্যারতন
বলে---
"খাওয়া হয়নি সারাদিন সারাদিন যে
আয়ার কাজ করি
ভাত দেয় না অর্ধেক দিন
সারাবেলা চা খাই, বিশকুট একটা দুটো মেলে..."
পিসি দূরের লাইনের মতো হাসে
আমি দেখি
প্লাস্টিকের খেলার দোকানে
দড়িতে হাওয়ায় দোলে সবুজ রংয়ের রোগা কালী
ভাতহীন
শ্রদ্ধাহীন
ক্লান্ত নয়ন দোলে বাতাসে
পিসি তাকায় ছাতিমফুলের মতো মণি
অমাবস্যায় টুপটুপ করে ওঠে কার্তিকের নবান্নের স্টেশন
এ আঁধার পূর্ণিমার, এই চোদ্দো প্রদীপের দেশে
পরিচয়পত্র নেই আমাদের
দারিদ্র্য আছে!