রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ক্রীড়া ভাতা কর্মসূচিতে যুক্ত আরও ১৭১ খেলোয়াড়,মোট সংখ্যা দাঁড়াল ৩০০

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৪-১৯ ১৪:০১:৫৯
ছবি: সংগৃহীত।

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা বাড়াতে নেওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই বিশেষ সুবিধার আওতায় মোট খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে।
এর আগে গত ৩০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান,যেখানে প্রথম ধাপে ১২৯ জন খেলোয়াড় ভাতা ও ক্রীড়া কার্ড পান।
রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ-এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে এক লাখ টাকা করে ভাতা ও ক্রীড়া কার্ড তুলে দেন।
এই ধাপে পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন খেলোয়াড় ভাতার আওতায় এসেছেন। পাশাপাশি প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দলকেও এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে দলটি একই দিন রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া তরুণ খেলোয়াড়দেরও মূল্যায়নের আওতায় আনা হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের পাশাপাশি এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে,এই ভাতা স্থায়ী নয়। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকা হালনাগাদ করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কী-ওয়ার্ডস:
ক্রীড়া ভাতা,খেলোয়াড় সহায়তা,বাংলাদেশ ক্রীড়া


এ জাতীয় আরো খবর