চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাঞ্চনতলা গ্রাম থেকে টুটুল আলী(৪৬) নামে একজন রিক্সা-ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,গত বৃহস্পতিবার(৯এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টুটুল বাড়িতে স্ত্রীর সাথে কলহের পর স্ত্রীর উপর চড়াও হলে স্ত্রী পালিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। এরপর তিনি রাতে একাই বাড়িতে ছিলেন।
শুক্রবার(১০এপ্রিল) সকালে প্রতিবেশীরা টুটুলের বাড়িতে টেলিভিশনের শব্দ শুনে বাড়িতে প্রবেশ করে। তাঁরা টুটুলকে শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের(আড়া) সাথে গলায় রশির ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। সূত্রগুলো আরও জানায়, টুটুলের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
গোমস্তাপুর থানার পরিদর্শক(তদন্ত) এসএম শাকিল হাসান বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।