দূরত্বের বিস্তারকে ছোট করি কল্পনায়।
ফাঁকা এক ফালি মাঠটার ওপারে রেখেছি তোমার ঝুল বারান্দাখানি।
তুমি নির্নিমেষ - উদাস , পার্থিব বেদনার ভার থেকে বহু দূরে।দাঁড়িয়ে আছ অবয়বে।
মন পৌঁছেছে কোনো ভিনদেশে পাহাড় চূড়ায়।রৌদ্র-স্নাত হচ্ছে তোমার অন্তরিন্দ্রিয়,শরীর আছে- চেতনা বিহীন আসক্তিহীন। তুমি অস্তিত্ব শুধু কায়ার।
এদিকে আমি ডেকেই চলেছি.... ডেকেই চলেছি
মাঠের আলো মেখে তোমার পার্থিব শরীর, ওদিকে মন তোমার হারিয়ে যাওয়ায় মশগুল।
সাদা জামায় বাসন্তী আলো...সংসার তুচ্ছাতিতুচ্ছ ভাবের আঙুলে ব্যস্ত।
মুহূর্ত জমে ঘন্টা হলো, ঘন্টার প্রবীণত্বে গুচ্ছ দিন
মাঠের আলোর ঘুম এল। সংসারেরও শ্রান্তি এল।
দূরত্ব... সময়... পৃথিবী... ঘুর্ণন...
মুছে যায় তারপর জাগতিক উপস্থিতি।
তারপর অন্য ছন্দ স্রোতের মতো এসে
বালি ধোয়।