বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

শিশুস্বপ্নের মৃত্যু

  • চন্দ্রশিলা ছন্দা
  • ২০২৬-০৪-০২ ০৯:৩৬:১৭

শিশুর মৃত্যুতে মায়ের বুকে যেমন ক্ষরণ হয়
জবেহর পর তড়পায় প্রাণীগুলো,
কখনো কখনো মানুষকেও 
জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেয়
অব্যাক্ত কিছু যন্ত্রণা। 
মানুষেরা হয়তো অনেক বড় কিছু আশা করে  
মুষড়ে পড়ে হতাশায়...
আমার তেমন বড় কিছু চাওয়া-পাওয়ার ছিল না
এমনকি মৌলিক অধিকারে যা যা বিবেচ্য, 
সেই সব আদায়েরও দুঃসাধ্য করিনি কখনো।
সুবিধাবাদীরা সবসময় নিচে তাকানোর 
মগজধোলাই করে এসেছে।
এ নিয়ে আক্ষেপ ছিল না কোন...
এতোকাল নিজ হাতেই ডানা ভেঙেছি 
সাধ এবং স্বপ্নের।
তবু আজ অতল গহীনে ঝড় উঠেলো কেন?
কেন তোলপাড় হয়ে যাচ্ছে বুক? 
নিঃশব্দে ভেঙে যাচ্ছে ঘুমিয়ে থাকা 
ছোট ছোট অসংখ্য স্বপ্ন।
আমি জানি, খুব ছোট কিছু সাধ বুকে নিয়ে 
মরে যাবো অচিরেই, খুব  নিঃশব্দে।
শুকনো ঘাস জমিনে ধান ফুলের মত মরে যাবো
অসময়ে, মরে যাবো শিশু শিশু স্বপ্নগুলো বুকে নিয়ে।


এ জাতীয় আরো খবর