বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার,সম্পদ উদ্ধারে জোরালো পদক্ষেপ সরকারের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০১ ১৯:৫৭:২০
ছবি: সংগৃহীত।

বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।
বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অর্থ উদ্ধারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যে দেশে-বিদেশে মোট ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে বাইরে গেছে। পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-কে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও জানান, অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির বিষয়ে সম্মতি পাওয়া গেছে এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫৭ হাজার ১৬৮ কোটি টাকা এবং বিদেশে ১৩ হাজার ২৭৮ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যে ১৪১টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে কয়েকটির চার্জশিট ও রায় সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ১১টি গুরুত্বপূর্ণ মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের কয়েকটি বড় শিল্পগ্রুপের নাম রয়েছে।
তিনি বলেন, অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

কী-ওয়ার্ডস:অর্থ পাচার বাংলাদেশ,সম্পদ উদ্ধার অভিযান,সরকারি তদন্ত


এ জাতীয় আরো খবর