সোমবার, মে ২৫, ২০২৬

রাজনৈতিক হয়রানির ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার, আরও প্রক্রিয়াধীন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০১ ১৯:৪৪:২৭
ছবি: সংগৃহীত।

সারা দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের সময় দায়ের করা বাকি রাজনৈতিক মামলাগুলোও যাচাই-বাছাই করে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্মান ও আইনানুগ আচরণ প্রদান করা তার মৌলিক অধিকার।
আরেক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, অতীতে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক ও বিতর্কিত মামলা দায়ের করা হয়েছিল। এমনকি দীর্ঘদিন আগে মৃত ব্যক্তি, প্রতিবন্ধী নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মন্ত্রী বলেন, এসব মামলার প্রকৃতি সম্পর্কে সরকার অবগত এবং যেখানে সম্ভব, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সরকারের এই উদ্যোগকে আইনের শাসন প্রতিষ্ঠা ও হয়রানি কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কী-ওয়ার্ডস:রাজনৈতিক মামলা প্রত্যাহার,আইনমন্ত্রী বক্তব্য,মামলা সংস্কার


এ জাতীয় আরো খবর