আজ অভিমান ভেঙে চলে যাব পাকা ধানের আল ধরে।
কোন আদিখ্যেতা নয়,
গতানুগতিক মুদ্রিত অনুভূতির বেড়াজাল ভেঙে
এক শাশ্বত নির্জনতার সন্ধানে...
আজ নিজেকে সাজাবো ভিন্ন কোন হিরণ্ময় সাজে।
চুলে দামি গ্লাডিওলাসের আভিজাত্য নয়,
সেখানে অবহেলায় গুঁজবো একগুচ্ছ মেঠো ভাঁট ফুল।
কপালে থাকবে না কোনো টিপ,
ঠোঁটে ছোঁয়া দেব না রঙের;
শুধু চোখ ভর্তি কাজলে জমাবো একটা মেঘলা আকাশ।
কলাপাতা রঙের শাড়িতে জড়াবো নিজেকে,
আর কানে দুলবে একজোড়া ঝুমকো জবার দুল।
অহংকারের প্রলেপ মুছে আজ আমি কেবলই মাটির,
আজ আমি আমার মতো, বুনো ঘাসের নিবিড় ঘ্রাণে আদিম, অকৃত্রিম।