সৌহার্দ শান্তির গান যুদ্ধমোড়লের এঁটো মুখে
অস্ত্রঘরে আমাদের বাধ্যবাস জটিল সুখের!
বোমারু বিমানবিষে আচ্ছাদিত সকল আকাশ
ম্লান-মূক-- ইচ্ছারঙে যত ছবি হয়েছিল আঁকা
আঙুল বাঁকিয়ে দিলে পাত্র থেকে ঘৃত উঠে আসে
তখনো চাটুচালাকি, রাজত্বটা সর্ব-সর্বনাশের
পায়ে পায়ে মৃত্যু ঘোরে, বধিরতা বিকট গর্জন;
'অধিকার' মৃত শব্দ, নদীগুলো স্তূপাকার বর্জ্য
হিসেবের সব খাতা গোলমেলে-- কোলাহলজাত
ঘোর পথে যেত হয়, অকারণে দূরত্বপাথর
সোজা পথ এঁকে দাও, সুস্থ হবে দগ্ধক্ষতক্ষতি
নির্ভয় সরণি হবে-- চলাচল সহজ গতির...
পাখিদের ঘরকন্না, খ্যাতি আছে সহিষ্ণু গাছের
হে হৃদয়, চলে এসো-- পুণ্যবীজ-- প্রেম জেগে আছে