বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় শোক,তদন্তে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৩ ১১:০৩:০৫
ফাইল ছবি

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না।
শনিবার দিবাগত মধ্যরাতে সংঘটিত এই দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ট্রেন-বাস সংঘর্ষের প্রতিটি ঘটনায় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ফেনী, হবিগঞ্জ ও জামালপুর-সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের আনন্দঘন সময়ে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইসঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ করতে দুর্বলতাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

কী-ওয়ার্ডস: কুমিল্লা ট্রেন দুর্ঘটনা,প্রধানমন্ত্রীর নির্দেশ,তদন্ত কমিটি

 


এ জাতীয় আরো খবর