মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পারমাণবিক স্থাপনার কাছাকাছি ইসরায়েলে ইরানি হামলা,আহত অন্তত ১৬০

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২২ ২০:১৫:৩৫
ছবি: সংগৃহীত।

ইসরায়েলের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার রাতে আরাদ ও দিমোনা শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, দিমোনা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই আঘাত হানা হয়েছে।
হামলায় আরাদ শহরের দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলোর বাইরের দেয়ালের বেশ কিছু অংশ ধসে পড়েছে। নেগেভ মরুভূমি অঞ্চলের এই শহরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে কীভাবে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করল, তা খতিয়ে দেখতে জরুরি তদন্ত শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করছে যে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল নয় এবং চলমান সংঘাতে মানবিক ঝুঁকি আরও বাড়ছে।

 


এ জাতীয় আরো খবর