শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • স্বপ্নসুন্দরীর সংসার
  • ২০২৬-০৩-২২ ১৯:৫০:৫২

অন্ধকার ঠেলতে ঠেলতে
মধ্যরাতে ডেরায় ফিরি !
স্বেদ, হতাশা, ক্লান্তি মেখে
পরিপূর্ণ এক জীবনবোধ,
তবু বুকের ভেতর
অদৃশ্য শূন্যতার শীত।

পথের আলো আঁধারিতে
হঠাৎ চমকে উঠি !
নীলাভ আলোর নিচে
হোর্ডিংএর গায়ে দাঁড়িয়ে
স্বল্পবসনা এক লাস্যময়ী তরুণী,
এক সমুদ্র জলের তলায়।

উন্মুক্ত দুবাহু,
 সমুদ্র সফেন ঢেউয়ের ভঙ্গিমা,
মধ্যমা আর তর্জনীর অপরূপ  মুদ্রায় মনে হয়
এখনি বুঝি আকাশ গঙ্গায় উড়ে যাবে !

তবু ওর চোখে কোন আমন্ত্রণ নেই।
আধুনিক সুসজ্জিত শহর
ওকে শিরোপা দিয়েছে !
নগর বধূ।

চারিদিকে জল, সাবানের ফেনা,
উড়ে যাওয়ার অভিনয়ে মগ্ন সে !
আলোয় মোড়া এক বন্দিত্ব,
যাকে শহর স্বাধীনতা বলে।

রাতের শরীরে যখন বয়সের ঢল নামে
হোর্ডিং থেকে নেমে আসে
স্বল্পবসনা সেই স্বপ্নসুন্দরী।
একটি পা রাখে,
আমার চৌকাঠের এপারে।

সামান্য কিছু মুহূর্তের প্রশ্রয়ে
ওকে পরিয়ে দিই লাল ঢাকাই শাড়ি,
কপালে এঁকে দিই
একফোঁটা লাল বিন্দু।

শুকতারা মিলিয়ে যাওয়ার আগেই,
সেই লাল বিন্দু ছড়িয়ে পড়ে আকাশে।
যেনো এক অনামা নারীর
প্রথম স্বীকৃতি ?

প্রতি রাতে নগর বধূ গৃহবধূ হয়ে আসে
আমার ছন্নছাড়া সংসারে। 
আমার নিস্তরঙ্গ জীবনে
অবিরাম জলতরঙ্গ বাজতে থাকে।


এ জাতীয় আরো খবর