বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সড়ক যখন নীরব কাঁদে

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৩-২২ ১৫:৫৩:৫১

রাস্তাটা আজও ঠিক আগের মতোই,
কেবল মানুষগুলো আর আগের মতো নেই-
চাকার নিচে চাপা পড়ে আছে
অসংখ্য অসমাপ্ত গল্প,
ফেরার অপেক্ষায় থাকা কিছু দরজা
আজ চিরদিনের মতো বন্ধ।

ভোরের আলো ফোটার আগেই
যাত্রা শুরু হয়েছিল কারো,
মায়ের হাতে গরম ভাত,
বাবার চোখে স্বপ্ন-
সব ফেলে রেখে ছুটেছিল সে
একটু ভালো থাকার আশায়।

কিন্তু সড়ক জানে-
এই ছুটে চলা সব সময় গন্তব্যে পৌঁছায় না,
কখনো তা থেমে যায়
একটা বিকট শব্দে,
লোহার বিকৃত শরীরের ভেতরে
আটকে যায় মানুষের শেষ নিঃশ্বাস।

ক্লান্ত চালকের চোখে ঘুম নামে,
স্টিয়ারিং কাঁপে,
এক সেকেন্ডের ভুলে
নিঃশেষ হয়ে যায় একটি পরিবার-
কেউ হারায় বাবা,
কেউ হারায় সন্তান,
কেউ হারায় তার জীবনের একমাত্র আলো।

হাসপাতালের করিডোরে
দৌড়াতে থাকে আতঙ্ক,
রক্তমাখা স্ট্রেচারে শুয়ে থাকে
একটি নিথর বাস্তবতা-
যেখানে আর কোনো ঈদ নেই,
কোনো উৎসব নেই,
শুধু নীরব কান্না।

সড়ক কি তবে দোষী?
নাকি আমরা-
যারা নিয়ম ভাঙি,তাড়াহুড়ো করি,
জীবনকে তুচ্ছ ভেবে
মৃত্যুর সঙ্গে প্রতিযোগিতা করি?

প্রতিটি দুর্ঘটনার পর
আমরা শোক জানাই,
তারপর আবার ভুলে যাই-
যেন এই মৃত্যু আমাদের নয়,
যেন এই কান্না আমাদের ঘরে পৌঁছাবে না।

তবু সড়ক প্রতিদিন অপেক্ষা করে-
হয়তো একদিন মানুষ শিখবে,
গতি নয়,জীবনের মূল্য বড়,
পৌঁছানো নয়,নিরাপদে ফেরা জরুরি।

সেদিন সড়ক আর কাঁদবে না,
নিঃশব্দে রক্ত মুছবে না,
বরং মানুষের পদচারণায়
আবারও হয়ে উঠবে জীবনের পথ।


এ জাতীয় আরো খবর