বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইরান প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ,ঈদ ও নওরোজে শুভেচ্ছা বিনিময়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২১ ১৮:৪৯:২৩
ছবি: সংগৃহীত।

নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন ড. মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে। কথোপকথনে ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্টকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানানো হয়েছে এবং এ উৎসবগুলো যেন অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনে-সে আশা প্রকাশ করা হয়েছে।
ফোনালাপে মোদি দক্ষিণ-পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং সমুদ্রপথ নিরাপদ রাখার গুরুত্বও তুলে ধরেন।
এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরকারের সহযোগিতার প্রশংসা করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সব ধরনের সংকট সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে ভারত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-কে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটি মোদি ও পেজেশকিয়ানের মধ্যে দ্বিতীয়বারের মতো ফোনালাপ। এর আগে ১২ মার্চ প্রথমবার তারা এ বিষয়ে আলোচনা করেছিলেন।

কী-ওয়ার্ডস: মোদি ইরান ফোনালাপ, ঈদ শুভেচ্ছা কূটনীতি, হরমুজ প্রণালি নিরাপত্তা


এ জাতীয় আরো খবর