পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ,কূটনীতিক, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এতে অংশ নেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণে ব্যস্ত হয়ে ওঠেন। তার সঙ্গে ছবি তুলতেও দেখা যায় উপস্থিতদের।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। অতিরিক্ত ভিড়ের কারণে আমন্ত্রিত অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শুধুমাত্র কার্ডধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রধান ফটক থেকে শুরু করে সামনের সড়ক পেরিয়ে কাকরাইল ও ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত মানুষের দীর্ঘ সারি দেখা যায়। উপচেপড়া ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয় এবং এক পর্যায়ে ফটক বন্ধ করে দেওয়া হয়। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই প্রবেশ করতে না পেরে ফিরে যান।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টায় তিনি যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করার কথা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে এটি প্রধানমন্ত্রীর প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি বিদেশে অবস্থানকালে ঈদ পালন করেছেন।
কী-ওয়ার্ডস: যমুনা শুভেচ্ছা বিনিময়, তারেক রহমান ঈদ, ঢাকায় ঈদ আয়োজন