বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মেঘলা আকাশ উপেক্ষা করে জাতীয় ঈদগাহে প্রধান জামাত,অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২১ ১১:৫৮:০৫
ছবি: সংগৃহীত।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক, যিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এ জামাতে অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।
ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়। প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুর স্থান ও নামাজের নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুর স্থান ও চিকিৎসা সহায়তার ব্যবস্থাও রাখা হয়।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনটি ধাপে তল্লাশি শেষে মুসল্লিদের ভেতরে প্রবেশের অনুমতি দেন।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে থাকেন। জামাত শুরুর আগেই পুরো মাঠ পূর্ণ হয়ে যায়, যা ঈদের ধর্মীয় আবহ ও মানুষের অংশগ্রহণকে আরও প্রাণবন্ত করে তোলে।

কী-ওয়ার্ডস: জাতীয় ঈদগাহ জামাত, ঈদ নামাজ ঢাকা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী


এ জাতীয় আরো খবর