ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমজান। এ প্রেক্ষাপটে দেশের মানুষকে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক টেলিভিশন বার্তায় তিনি বলেন, আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এ বার্তাটি প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ঈদের আনন্দ যেন দেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবার এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।
তিনি দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকেও আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
কী-ওয়ার্ডস: প্রধানমন্ত্রীর বার্তা, ঈদ শুভেচ্ছা, রমজানের শিক্ষা