সোমবার, মে ২৫, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে সমুদ্রপথ ঝুঁকিতে,নৌ-বাণিজ্য সুরক্ষায় কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান বাংলাদেশের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১৯ ২০:১৫:০২
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্যকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।
লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)’র কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতে এই জরুরি সভার আয়োজন করা হয়।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. নজরুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ) অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানায়। একইসঙ্গে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্য প্রবাহ সচল রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

কী-ওয়ার্ডস: মধ্যপ্রাচ্য সংকট, সমুদ্রপথ নিরাপত্তা, নৌ-বাণিজ্য


এ জাতীয় আরো খবর