চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে শিরিন সুলতানা (৩৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধু এবং গোমস্তাপুর উপজেলা থেকে ইব্রাহীম ইসলাম লালু(২৩) নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিরিন সদরের রানীহাটী ইউনিয়নের চকআলমপুর বাঘাপাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী ও মৃত গোলাম আজমের মেয়ে। অপরদিকে ইব্রাহীম গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে ফাঁস দেন শিরিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। শিরিনের স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে, শিরিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন,গত মঙ্গলবার(১৭ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে বুধবার(১৮ মার্চ) সকাল ৭টার মধ্যে নিজ শয়নকক্ষের ছাদের তীরের সাথে গলায় রশির ফাঁস দেন ইব্রাহীম। এর আগে মঙ্গলবার(১৭মার্চ) সন্ধ্যায় ইব্রাহীম তাঁর শশুড় বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে পারিবারিক কলহের পর না নিয়ে ফিরে আসেন। ওসি আরও বলেন, ইব্রাহীমের পরিবার দাবি করেছে,স্ত্রী ও শ্মশুড়- শ্মাশুড়ির সাথে অভিমান করে ইব্রাহীম আত্মহত্যা করে থাকতে পারেন।
উভয় ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যার বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে,ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উভয় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।