চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে শিরিন সুলতানা (৩৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রানীহাটী ইউনিয়নের চকআলমপুর বাঘাপাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী ও মৃত গোলাম আজমের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে ফাঁস দেন শিরিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিরিন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর কারণ তদন্ত করে দেখেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তাঁর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে, শিরিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।