পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ঈদযাত্রায় প্রতিবছর ঘরমুখো মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। সড়কে দীর্ঘ সময় আটকে থাকা এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার মতো সমস্যাগুলো সমাধানে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং যানজট কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ইতোমধ্যে সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।
চালক ও হেলপারদের উদ্দেশে আইজিপি বলেন, অনেক সময় ট্রাফিক আইন না মানার কারণে যানজট বাড়ে। তারা সচেতন হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
টার্মিনালকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকসেবী ও ছিনতাইকারীসহ অপরাধপ্রবণ ব্যক্তিদের দমনে পুলিশের সব ইউনিট সক্রিয় থাকবে।
রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকা উচিত নয়। আইন প্রয়োগের মাধ্যমে এসব অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এস এন মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম এবং মো. আনিছুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কী-ওয়ার্ড:ঈদযাত্রা নিরাপত্তা,আইজিপি নির্দেশনা,গাবতলী টার্মিনাল পরিস্থিতি