স্মৃতি হলো,
একটি ফ্লপ সাদাকালো বায়োস্কোপের অনর্গল অন্বেষণ !
গোধূলির অস্তরাগে বর্তমান সমাধিস্থ,
কে ই বা রাখে গোধূলির খবর?
খেয়ালী প্রকৃতির বয়স বাড়ে না !
মহাজাগতিক চিত্রকর, নিপুণ তুলিতে
বৃষ্টি ধুয়ে, জলরঙেআকাশের স্লেটে এঁকে দেয়
রঙধনুর ক্ষণস্থায়ী চালচিত্র।
বর্তমান বোঝে না !
মনও কোনো স্থির বিন্দু না !
মনের আকাশে আচমকা ঝড় ওঠে,
তুফান আর প্লাবনের জলোচ্ছ্বাসে
ভেঙে যায় ভিতরের পাড়,
ডুবে যায় উচ্চারিত না হওয়া শব্দের তীর।
বেহিসেবী স্মৃতি
অতীতকে নিঃশব্দে আদর করে,
সময়ের কবরখানায় বর্তমানকে নির্বিকার পাঠিয়ে দেয়। !
মৃত নক্ষত্র, অযুত বছরের ক্লান্তি মেখে,
মনের আকাশে ঝুলে থাকে দূরের আলোর মতো,
অথচ ভিতরে বহু আগেই নিভে যাওয়া।
হে বর্তমান!
তোমার এখানে আসতে মানা।
এখানে প্রতিটি দরজায়, অতীতের আঙ্গুলের ছাপ
প্রতিটি জানালায় অব্যক্ত দীর্ঘশ্বাসের কুয়াশা !
সব রং ফিকে হয়ে,
সব দৃশ্য ঝাপসা হয়ে,
জলরঙে মনের নিরাকার অবয়ব
ধীরে ধীরে হয়ে ওঠে ভাস্বর।
তখন বোঝা যায় !
স্মৃতি কোনো ফিরে দেখা না !
স্মৃতি আসলে নিভে যেতে না পারা
এক দীর্ঘ গোধূলির অন্তরলিখন !