রবিবার, নভেম্বর ২২, ২০২৬

২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল, ফিরছে মেধাভিত্তিক পরীক্ষা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৬ ২১:৪১:৫৩
ছবি: সংগৃহীত।

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকবে না। তার ভাষায়, লটারি শিক্ষা ব্যবস্থার স্থায়ী সমাধান নয়।
তিনি বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতি দেশে প্রথম চালু করা হয়েছিল ২০০১ সালে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তাদের শিক্ষাব্যবস্থায় বরাদ্দ ও সুযোগ-সুবিধার ধরন ভিন্ন। তাই দেশের বাস্তবতা বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে।
মন্ত্রী আরও জানান, প্রাথমিক পর্যায়ে ইতোমধ্যে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে এবং ধাপে ধাপে শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকার সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, খুব সহজভাবে পরীক্ষা নেওয়া হবে এবং এমন কোনো প্রতিযোগিতা তৈরি করা হবে না, যা ছোট শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধাপে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পরে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়।
তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনও পরীক্ষার মাধ্যমে হতো। পরে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয় এবং এরপর থেকে একই পদ্ধতি চালু রয়েছে।

কী-ওয়ার্ডঃস্কুল ভর্তি নীতি,লটারি পদ্ধতি বাতিল,শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন


এ জাতীয় আরো খবর