দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র রাজনীতির মূল লক্ষ্য।
সোমবার দুপুরে কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। সেই বিশ্বাস থেকেই কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যারা মানুষের উপকারে আসে-এমন কাজই করতে চায়। সেই লক্ষ্য থেকেই সাহাপাড়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন সম্পন্ন হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে এই খালের পানির সুবিধা ব্যবহার করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বর্তমানের তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের বেশিরভাগই গ্রামে বসবাস করেন এবং তাদের প্রধান পেশা কৃষি। তাই কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো অত্যন্ত জরুরি। কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের অনেক খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষার সময় পানি ধরে রাখা যায় না। ফলে একদিকে বন্যার সময় হঠাৎ করে উজান থেকে আসা পানি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষিকাজ ব্যাহত হয়। খাল খননের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী জানান, সারা দেশে পর্যায়ক্রমে বড় পরিসরে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খালের দুই পাশে বৃক্ষরোপণের কথাও উল্লেখ করে তিনি বলেন, সাহাপাড়া খালের পাড়ে প্রায় সাত হাজার গাছ লাগানো হবে। পাশাপাশি মানুষের চলাচলের সুবিধার জন্য খালের পাশ দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
তিনি আরও বলেন, অনেক এলাকায় খাল ও নদীতে পানি না থাকায় কৃষকদের গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলতে হচ্ছে, ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই মাটির ওপরে থাকা পানিকে সংরক্ষণ করে পরিকল্পিতভাবে ব্যবহার করা জরুরি।
কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে ছোট, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন এবং শিগগিরই এর পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে দেশের চার কোটি পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে বলেও জানান তিনি। ধীরে ধীরে দেশের সব এলাকায় মা-বোনদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ঈদের পর কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক মিল ও শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নত করা। বর্তমানে মাসে পাঁচ হাজার টাকা আয় করা মানুষের আয় যেন আগামী কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হয়-এমন নীতি ও পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকের বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারও কৃষকের পাশে থাকতে চায়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা।
কী-ওয়ার্ডঃদিনাজপুর খাল খনন কর্মসূচি,কৃষি উন্নয়ন পরিকল্পনা,প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য