পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দিবাগত রাতের পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছেন।
তিনি বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এ রাতে।
তিনি আরও বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য উপলব্ধি করে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেন।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি যেন অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যায়।
কী-ওয়ার্ড:লাইলাতুল কদর শুভেচ্ছা,প্রধানমন্ত্রী তারেক রহমান,রমজান ধর্মীয় বার্তা