টগবগ করে ফুটছে রুধির
আবেগে আত্মহারা,
সুঠাম তনুতে নবযৌবন
বইছে লাগামছাড়া।
ছোটর তালিকা থেকে টুক করে
নামটি পড়েছে খসে,
আনকোরা স্বাদ বড়র তালিকা-
ভুক্ত হওয়ার জোশে।
অদম্য এক ইচ্ছাশক্তি
হৃদয় করেছে গ্রাস,
হার না মানা জেদের কাছে
হয়েছি অধুনা দাস।
দুঃখে সহজে হই না কাতর
কাঁদি অনুচ্চারণে,
অপ্রকাশিত কথামালা থাকে
হৃদয়ে সংগোপনে।
লুকিয়ে পড়ি প্রেমের কবিতা
বুঝি বা কিছুটা মানে,
নবীন বাতাস ঝিরিঝিরি বয়
সহসা সুপ্ত প্রাণে।
গুরুগম্ভীর ভাবখানিতে
পূর্ণ এখন মুখ,
নানা রহস্য উন্মোচনে
অনুভব করি সুখ।
নতুন নতুন আবিষ্কারের
নেশায় বসেছে পেয়ে,
পৃথিবীটা যেন ফাগের রঙে
রঙ্গীন আগের চেয়ে।
গোঁফের রেখা হুঁশিয়ারি দেয়,
'আঠারোর নাগরিক,
এখন চেনার সময় হয়েছে
কোনটা ঠিক-বেঠিক'।
ভীরু-কাপুরুষ নই বলে করি
অনায়াসে প্রতিবাদ,
যুক্তি-তক্কে একটু-আধটু
বোঝাতেও ওস্তাদ।
বিপদে আপদে পিছপা হই না
মাথায় অনেক চাপ,
আঠারো বছর বয়সই নিজেকে
চেনার প্রথম ধাপ।