ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবন-এর কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় সংসদের অধিবেশন বসবে এবং ২০২৬ সালের ৩০ এপ্রিল প্রথম অধিবেশন সমাপ্ত হবে। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং সাধারণ প্রস্তাব সংক্রান্ত বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সচিবিক সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ড:ত্রয়োদশ জাতীয় সংসদ,সংসদ অধিবেশন ২০২৬,কার্য উপদেষ্টা কমিটি