মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৪ ১১:৫৯:০৫
ছবি: সংগৃহীত।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ইমাম-মুয়াজ্জিনদের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানী ভাতা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্টদের পাঁচ হাজার টাকা করে সম্মানী দেওয়া হচ্ছে।
এর আগে গত ৮ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-এ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় নেতাদের জন্যও ভাতা চালু করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন পাঁচ হাজার, মুয়াজ্জিন তিন হাজার এবং খাদেম দুই হাজার টাকা। প্রতিটি মন্দিরের জন্য আট হাজার টাকা বরাদ্দ থাকবে, যার মধ্যে পুরোহিত পাবেন পাঁচ হাজার এবং সেবায়েত তিন হাজার টাকা।
একইভাবে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য আট হাজার টাকা বরাদ্দ থাকবে, যেখানে বিহার অধ্যক্ষ পাবেন পাঁচ হাজার এবং উপাধ্যক্ষ তিন হাজার টাকা। প্রতিটি চার্চের জন্যও আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পালক বা যাজক পাবেন পাঁচ হাজার এবং সহকারী পালক বা যাজক তিন হাজার টাকা।

কী-ওয়ার্ড:ইমাম মুয়াজ্জিন ভাতা,ধর্মীয় সম্মানী কর্মসূচি,ওসমানী স্মৃতি মিলনায়তন


এ জাতীয় আরো খবর