সোমবার, মে ২৫, ২০২৬

ঈদযাত্রায় গণপরিবহণে জ্বালানি সংকট হবে না: সড়কমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১৩ ১৫:১০:৪৩
ছবি: সংগৃহীত।

ঈদকে সামনে রেখে আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহণের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে যাত্রীসেবার পরিস্থিতি দেখতে তিনি স্টেশনটি পরিদর্শনে যান।
মন্ত্রী বলেন, জ্বালানিমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে গণপরিবহণের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। ফলে জ্বালানি ঘাটতির কারণে পরিবহণ ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই এবং জ্বালানি সংকটে পরিবহণ সংকটেরও সুযোগ নেই।
তিনি জানান, তারেক রহমান রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করার নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারেন। সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে।
ঈদযাত্রার চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় এক কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত অল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের পরিবহণব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে।
ট্রেনের শিডিউল প্রসঙ্গে তিনি বলেন, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। পাশাপাশি আনসার সদস্য ও বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকদেরও নিয়োগ দেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে প্রায় প্রতি ৪০০ মিটার পরপর তাদের অবস্থান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কী-ওয়ার্ড:ঈদযাত্রা জ্বালানি সরবরাহ,গণপরিবহণ ব্যবস্থা,রেলওয়ে প্রস্তুতি


এ জাতীয় আরো খবর