সোমবার, মে ২৫, ২০২৬

জনগণের প্রত্যাশার সংসদ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১২ ১৫:৩৩:০৫
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ এবং দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিক মানুষ এই সংসদের কাছে অনেক প্রত্যাশা রাখছে এবং দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করে তুলতে হবে।
তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল করে দেওয়া হয়েছিল এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের একটি ক্লাবে পরিণত করা হয়েছিল।
তারেক রহমান বলেন, বিগত সময়ে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তাদের কেউই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু বর্তমান সংসদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। তাই এটি সত্যিকার অর্থেই জনগণের সংসদ।
তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষদিকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-কে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

কী-ওয়ার্ড:তারেক রহমান সংসদ,জনগণের সংসদ,ত্রয়োদশ জাতীয় সংসদ

 


এ জাতীয় আরো খবর