বাতাসে কার পদশব্দ শোনা যায়
কান পেতে রই
শুনতে পাইনা কিছুই
পদশব্দ কই
শুধুই পাতার মর্মর হাহাকার!
ঝরে পড়া পাতার নিঃশব্দ কান্না বাতাসে ভেসে আসে না,
পদদলিত হয়ে ডুকরে কেঁদে ওঠে।
ছিন্ন ভিন্ন শুকনো মরা পাতা আগুনে ঝলসে পুড়ে পুড়ে ছাই হয়।
একাকী নিস্তব্ধ গাছ ঠায় দাঁড়িয়ে থাকে বিমূঢ়
গাছেরও কী কান্না পায়!
শোনা তো যায় না
ক’দিন আগে শাখা -প্রশাখায় ফল ফুলে পরিপূর্ণ গাছ;
আজ রিক্ত শূন্য হয়ে অপেক্ষায় আছে
কবে আবার পরিপূর্ণ হবে তার শাখা?
যে ঝরে গেছে তাকে কে মনে রাখে
সময়ের সাথে গাছ নতুন পাতায় ভরে উঠবে
ফুল ফুটবে অলিরা খেলবে
রিক্ত গাছ আবার হেসে উঠবে।
বাতাসে পদশব্দ শোনা যাবে
পাতারা ঝিরঝিরিয়ে গাইবে গান।