পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডান পাশে আসন গ্রহণ করেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
কী-ওয়ার্ডঃতারেক রহমান,কূটনৈতিক ইফতার,বাংলাদেশ কূটনীতি