বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • গোলার ভেতর শূন্যতা
  • ২০২৬-০৩-০৫ ১১:৪০:২৪

ফসল কুড়াতে কুড়াতে ওরা
ঋণের খাতা মুছতে পারেনি,
ধানের শিষে ঝুলে ছিল ব্যাংকের সুদের অংক।
গোলায় ফিরবার পথটুকু !
দখল করে বসেছিল বাজারদর।

ফসল ফলাতে ফলাতে ওরা
গোলার গল্প শোনেনি কোনোদিন !
শুনেছে শুধু ঘোষণার ভাষণ,
উন্নয়নের রঙিন পরিসংখ্যান।
খেতের মাটিতে নেমে আসেনি,
সেই প্রতিশ্রুতির একফোঁটা জল।

গোলার গোলন্দাজরা আন্দাজেই
দাগে কামান !
কখনও নীতির নামে,
কখনও নিরাপত্তার অজুহাতে।
মাঠের পর মাঠ কেঁপে ওঠে,
সবুজ নিশান ছিঁড়ে যায় !
ধর্ষিতা মাটির গর্ভপাতে, ঝরে পড়ে 
অকাল শস্যস্বপ্ন !

তুলসী মঞ্চে জন্ম নেয় এক কুৎসিত কালো পেঁচা !
তার চোখে রাতের অর্থনীতি,
তার ডানায় লোভের নীরব উড়ান।
ধর্মের আলপনায় আঁকা লক্ষ্মীর পা পৌঁছায় না
শস্যের গোলায়,
শুধু পৌঁছে যায়, নতুন প্রকল্পের শিলান্যাসে !

আমরা সবাই লক্ষ্মীছাড়া !
কেউ জমির মালিক হয়েও ফসলহারা,
কেউ শ্রমিক হয়েও মজুরিহীন,
কেউ শহরের উঁচু বারান্দায় দাঁড়িয়ে
খেতের ছবি তোলে,
কিন্তু মাটির গন্ধ জানে না।

মাঠের ফসল সবুজ !
তবু পেটের ভেতর হলুদ ক্ষুধা।
মাঠের ফসল হলুদ !
তবু গোলায় নেমে আসে না ভাতের সাদা শান্তি।
যন্ত্রের চাকার নিচে, মানুষ হয়ে যায় পরিসংখ্যান !
কৃষক হয়ে যায় একটি গ্রাফের রেখা।

কারো গোলায় চূর্ণ চালের গুঁড়োও নেই !
শুধু নীতিপত্রের ধুলো,
শুধু করতালির প্রতিধ্বনি,
শুধু উচ্ছ্বাসের কাগুজে ফুল।

তবু মাটি প্রতিদিন অদ্ভুত এক মাতৃত্বে আবার বীজ গ্রহণ করে !
 সে তো জানে !
গোলা একদিন ভরে উঠবে না কামানে,
ভরে উঠবে মানুষের প্রাপ্যে।


এ জাতীয় আরো খবর