শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সবুজ-নিরোগ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ,বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সেলের অগ্রগতি পর্যালোচনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৪ ১৪:০২:০১
ছবি: সংগৃহীত।

বাংলাদেশকে পরিবেশবান্ধব ও সুস্বাস্থ্যসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। বুধবার ৪ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় সরকারের দুই উচ্চাভিলাষী উদ্যোগ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক বিশেষ সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নগত গতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যক্রম আরও ত্বরান্বিত করার নির্দেশও দেন তিনি।
জানা যায়, এ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার হিসেবে গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন্যা ও খরা প্রতিরোধ এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় এটি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর গড়ে ৫ কোটি গাছ রোপণ করা হবে। মে মাস থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরুর কথা থাকলেও অগ্রগতি মূল্যায়নের পর গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোপণের জন্য নদীতীর, বাঁধ, সড়কের পাশ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, গ্রামীণ অঞ্চল ও শহরের খালি জায়গাগুলোকে অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করা হয়েছে। সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা বিতরণসহ বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির সঙ্গে সমন্বয় করে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও বিশেষ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিশেষ সেলগুলোকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করার পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়াতে কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।
সরকারের এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ও জনস্বাস্থ্য ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


সবুজ বাংলাদেশ কর্মসূচি,২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা,তারেক রহমান সভা


এ জাতীয় আরো খবর