সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, তালা-কলারোয়ার মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এলাকার উন্নয়ন এগিয়ে নিতে হবে। তিনি চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলা থেকে জনগণকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় তালা শিল্পকলা একাডেমি-এর হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যায়-অবিচার, নির্যাতন, অসঙ্গতি ও অপরাধের চিত্র সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন।” তবে অসত্য, অতিরঞ্জিত ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ আরও বলেন, “সাংবাদিকদের লেখনী মানবকল্যাণের জন্য হওয়া উচিত। আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারেন, তবে আমার বক্তব্যটিও নেবেন—যাতে আমিও প্রয়োজনে নিজেকে সংশোধন করতে পারি।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নব-নির্বাচিত এই সংসদ সদস্য। বিকেলে তিনি তালা উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে আয়োজিত আরেকটি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।