শুক্রবার, মার্চ ৬, ২০২৬

কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ,প্রধানমন্ত্রীর সঙ্গে মহাপরিচালকের সাক্ষাৎ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৩ ১৪:৩৫:২৩
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর ভূমিকার স্বীকৃতি দেন তিনি।
দুর্যোগ মোকাবিলা, উদ্ধার তৎপরতা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর স্বার্থে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
বৈঠকে মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। উন্নয়নের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
সাক্ষাতের শেষে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমা সুরক্ষায় কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান।

কী-ওয়ার্ডস: কোস্টগার্ড প্রস্তুতি, তারেক রহমান, সমুদ্রসীমা নিরাপত্তা


এ জাতীয় আরো খবর