শনিবার, মার্চ ৭, ২০২৬

গণভোটের ফল ও জুলাই জাতীয় সনদ নিয়ে রিট, হাইকোর্টের আদেশ আজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৩ ০৪:০৪:২২

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে করা রিটের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ তথা সংবিধান সংস্কার ও বাস্তবায়ন অধ্যাদেশ-২০২৫ বাতিল চেয়ে করা পৃথক রিটে রুল জারি হবে কি না, সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজীর ডিভিশন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
গত ১৭ ফেব্রুয়ারি অ্যাডভোকেট এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে পৃথক দুটি রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, জ্যোতির্ময় বড়য়া সহ অর্ধডজন আইনজীবী। জুলাই জাতীয় সনদ ও গণভোটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকীসহ কয়েকজন আইনজীবী। সরকারপক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন।
রিটে দাবি করা হয়েছে, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। এ কারণে ঘোষিত ফলাফল যথাযথ ও বৈধ নয়। রিটকারীর পক্ষ থেকে হাইকোর্টের কাছে ফলাফল বাতিল এবং পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আতাউল মজিদ তৌহিদ বলেন, জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটের অধিকার সুরক্ষার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর মতে, প্রক্রিয়া অনিয়মমুক্ত না হলে তার ফলাফলও বৈধতা পেতে পারে না।
রিটে নির্বাচন কমিশনকে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রক্রিয়াগত ত্রুটি বিবেচনায় নিয়ে ফলাফল পুনর্মূল্যায়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এ মামলায় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত ফল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ চিহ্নিত পরিবর্তনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়। মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। সরকারি হিসাবে হ্যাঁ পক্ষে ভোট পড়ে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং না ভোট পড়ে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

কী-ওয়ার্ডস: গণভোট রিট, জুলাই জাতীয় সনদ, হাইকোর্ট আদেশ


এ জাতীয় আরো খবর