মানুষের দুর্ভোগ কমাতে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে রাজধানীতে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস দ্রুত চালুর নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার ০২ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
সকাল ৯টার কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন তিনি।
সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ড. এম শামসুল হক। বৈঠক শেষে তিনি জানান, গণপরিবহন আধুনিকায়ন, যানজট নিরসন এবং যাত্রীভোগান্তি কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষায়িত বিদ্যুৎচালিত বাস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন বলেও জানান এই পরিবহন বিশেষজ্ঞ। এছাড়া রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ এবং চাপ কমানোর কৌশল নিয়েও আলোচনা হয়েছে।
দিনব্যাপী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে বলে জানা গেছে।
কী-ওয়ার্ডস: তারেক রহমান, মনোরেল পরিকল্পনা, নারী বিশেষ বাস