ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
খবরে বলা হয়, হরমোজগান প্রদেশ এর মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের জানান, সকালে সরাসরি বিদ্যালয়টিকে লক্ষ্য করে হামলা হয়। ঘটনার সময় সেখানে প্রায় ১৭০ শিক্ষার্থী উপস্থিত ছিল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে মিনাবে এই হামলা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ইরানে অভিযান শুরুর পর এটিই প্রথম বড় ধরনের হতাহতের ঘটনা।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, বোমাবর্ষণের ফলেই শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া যায়। রাজধানী তেহরান-এর কিছু এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান চলছে। তিনি দেশটির জনগণকে ১৯৭৯ সালের বিপ্লব-পরবর্তী ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কী-ওয়ার্ডস:মিনাব বিদ্যালয় হামলা,দক্ষিণ ইরান সংঘাত,ইরান ইসরায়েল অভিযান