ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় কয়েকটি গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বিকেলে সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।
বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার, বাহরাইন ও দুবাইগামী সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স-ও বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে আপাতত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত হয়। পরবর্তী কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট চলাচল সাময়িকভাবে হোল্ড রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ।
এর মধ্যে বিমানের বিজি৩৪৯ ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।
কী-ওয়ার্ডস:মধ্যপ্রাচ্য ফ্লাইট স্থগিত,বিমান বাংলাদেশ সিদ্ধান্ত,ইরান ইসরায়েল উত্তেজনা