সোমবার, মে ২৫, ২০২৬

লা পাজে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নতুন মুদ্রা বহনের পথে ১৫ প্রাণ ঝরল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-২৮ ১১:০৯:১০
ছবি: সংগৃহীত।

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া–র রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনকারী একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানীর পাশের শহর এল আলতো–র বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পাশের একটি মহাসড়কে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিমানটি সড়কে থাকা কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানের আরোহী এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী— তা এখনো নিশ্চিত নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় প্রযুক্তিগত ত্রুটি বা নিয়ন্ত্রণজনিত সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনের তথ্য প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সরকারি কর্মকর্তারা ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীসংলগ্ন এই দুর্ঘটনা সামরিক পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কী-ওয়ার্ডস:বলিভিয়া বিমান দুর্ঘটনা,লা পাজ কার্গো ক্র্যাশ,সামরিক মুদ্রা পরিবহন


এ জাতীয় আরো খবর